বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। চারদিন বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন রিয়াদ, এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন মাহমুদউল্লাহ। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেন তিনি। দুই ম্যাচ খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এবং ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ডেঙ্গুতে আক্রান্ত হন এই অভিজ্ঞ ক্রিকেটার। চিকিৎসকদের ধারণা, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত ও সতীর্থরা।



