রাশিয়ার জনকূটনীতির শতবর্ষ এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে সুর-তালে মুখর হবে রাজধানী। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে এই বিশেষ আয়োজন, যা সকলের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। তাদের উচ্ছ্বাসময় পরিবেশনার সঙ্গে থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য ও বাংলাদেশের লোকসংগীতের সমন্বিত পরিবেশনা।
রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক। আয়োজকদের মতে, এটি শুধুমাত্র একটি কনসার্ট নয়; বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।



