মন্দার অন্ধকার কাটিয়ে যেন বজ্রনিনাদের প্রত্যাবর্তন ঘটাল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। একের পর এক রেকর্ড ভেঙে ভারতীয় বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমা। যে ছবিকে ঘিরে মুক্তির আগে ছিল বিতর্ক ও আইনি জটিলতা, সেই ‘ধুরন্ধর’ই এখন বলিউডের নতুন গর্ব হয়ে উঠেছে এবং দ্রুত এগোচ্ছে হাজার কোটির ক্লাবের দিকে।
নিঃসন্দেহে বলা যায়, ‘ধুরন্ধর’-এর হাত ধরেই রণবীর সিংয়ের ক্যারিয়ারের মন্দা অধ্যায়ের ইতি টেনেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে ছবিটি একের পর এক ব্লকবাস্টারের রেকর্ড ভেঙে ফেলেছে। এই ধারাবাহিক সাফল্যের জোরেই রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি এবার দক্ষিণী মহাকাব্য ‘বাহুবলী’-কেও ছাড়িয়ে হাজার কোটির মাইলফলকে পৌঁছানোর অপেক্ষায়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত দুই সপ্তাহ ধরে বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর দাপট থামার কোনো লক্ষণ নেই। আইনি জটিলতা ও নানা বিতর্ক উপেক্ষা করেই গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির মাত্র তেরো দিনের মধ্যেই দেশ-বিদেশের দর্শকদের মন জয় করে নেয় এই অ্যাকশন-ড্রামা।
চলতি বছরের বক্স অফিস পরিসংখ্যানেও রীতিমতো এগিয়ে রয়েছে ‘ধুরন্ধর’। আল্লু অর্জুনের ‘পুষ্পা’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ কিংবা হৃতিক রোশনের ‘ওয়ার’-এর মতো সিনেমাকেও পেছনে ফেলে এটি এখন এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর রেকর্ড ভাঙার পথে। যেখানে ‘বাহুবলী’ ভারতীয় বাজারে ৪২১ কোটি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল, সেখানে ‘ধুরন্ধর’ মাত্র ১৩ দিনেই সেই মাইলফলক অতিক্রম করেছে।
সর্বশেষ বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৪৩৭.২৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ব্যবসা পৌঁছেছে ৬৭৪.৫০ কোটি টাকায়। দক্ষিণী সিনেমার প্রভাবশালী বাজারে বলিউডের পক্ষ থেকে এটি যে এক শক্তিশালী জবাব, তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ২০৭.২৫ কোটি টাকার ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহেও থামেনি ছবিটির জয়যাত্রা। দ্বিতীয় সপ্তাহে আরও ২৩০ কোটি টাকা যোগ করে জাতীয় স্তরে মোট আয় প্রায় ৪৩৮ কোটি টাকায় পৌঁছেছে ‘ধুরন্ধর’, যা ২০২৫ সালের বক্স অফিস ইতিহাসে এক অনন্য নজির।
এই গতি বজায় থাকলে হাজার কোটির ক্লাবে প্রবেশ এখন কেবল সময়ের ব্যাপার। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘অ্যানিম্যাল’-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুরন্ধর’।
উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ মোট ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন প্রশ্ন একটাই—২০২৫ সালে কি সেই রেকর্ডও ভেঙে দেবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’? গোটা ইন্ডাস্ট্রি তাকিয়ে রয়েছে সেই উত্তরের দিকেই।



