নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ মুক্তির প্রথম দিন থেকেই দেশজুড়ে সিনেমা হলে সৃষ্টি করেছে হাউসফুলের রেকর্ড। রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট থেকে শুরু করে প্রতিটি প্রান্তের সিনেপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়ে বাংলা সিনেমার এক নতুন ইতিহাস রচিত হচ্ছে। নির্মাতা রায়হান রাফী নিজেও এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বলেন, “জয় হোক বাংলা সিনেমার। দর্শকদের মুখে মুখেই ‘প্রেশার কুকার’ ছড়িয়ে পড়ছে, এর থেকে বড় মার্কেটিং আর কী হতে পারে!”
ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় মূল আকর্ষণ চার শক্তিশালী নারী চরিত্র—শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। তাদের সঙ্গে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিমসহ আরও একঝাঁক কিংবদন্তি অভিনেতা। দীর্ঘ ব্যাপ্তির সিনেমা হলেও নির্মাতার দক্ষ গল্প বলার ভঙ্গি ও আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শককে মুগ্ধ করে রেখেছে।
অংকনের কণ্ঠে গাওয়া গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর পর রাফী নিজেকে আরও ছাড়িয়ে গেছেন বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা। সিনেমা হলে সরাসরি দর্শকদের সঙ্গে মতবিনিময় করছেন নির্মাতা, আর এই ‘ওয়ার্ড অব মাউথ’ ছবিটির বক্স অফিসে ধারাবাহিক সাফল্য নিয়ে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।



