মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে ব্রাজিল। ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে নেইমারদের দল। পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় ব্রাজিলের এই উন্নতি হয়েছে। অন্যদিকে মরক্কো ব্রাজিলের বিপক্ষে ড্র করায় ছয় নম্বরে জায়গা পেয়েছে।
শীর্ষ দশেও এসেছে নানা পরিবর্তন। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্স দুই নম্বরে উঠেছে, আর কেপ ভার্দের সঙ্গে ড্র করায় তিনে নেমে গেছে স্পেন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম, আর বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থান ধরে রেখেছে। শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে আর্জেন্টিনা। ১৮৮৯.০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিওনেল মেসির দল। মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে ফ্রান্স।
অন্যদিকে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ১১ নম্বরে উঠেছে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছে। ক্রোয়েশিয়া ইংল্যান্ডের কাছে হারার পর তিন ধাপ পিছিয়ে ১৪ নম্বরে। যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে। জাপান এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে, আর ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।



