কুড়িগ্রামের চরাঞ্চলের কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর জনপ্রিয় ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই উধাও হয়ে গেছে। ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ভিডিওর মাধ্যমে দেশজুড়ে আলোচনায় আসা এই পেজটি রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পেশায় দিনমজুর তাজুল ইসলাম চরাঞ্চলের মানুষের নানা সমস্যা তুলে ধরে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন। মাত্র ১০ হাজার ফলোয়ার নিয়ে যাত্রা শুরু করা পেজটি কয়েক দিনেই ১০ লাখ ফলোয়ারের মাইলফলক স্পর্শ করে।
তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী শাহআলম হোসেন জানান, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পেজটি সাময়িকভাবে অদৃশ্য হয়ে থাকতে পারে। তারা দ্রুত পেজটি পুনরুদ্ধারের আশা করছেন। স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম মনে করছেন, অল্প সময়ে পেজটিতে অস্বাভাবিক ফলোয়ার ও ভিউ বৃদ্ধি পাওয়ায় মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের জন্য এটি সাময়িক সরিয়ে রেখেছে। পেজটি বন্ধ হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই অতি-উৎসাহী ট্রল বা নেতিবাচক রিপোর্টকে দায়ী করছেন।



