সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া বিপিএলের ম্যাচগুলোর নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করার পর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বিকাল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচটি রাত ৮টায় মাঠে গড়াবে। দর্শকদের সুবিধার্থে জানানো হয়েছে যে, মঙ্গলবারের টিকিট দিয়েই দর্শকরা বুধবারের খেলাগুলো উপভোগ করতে পারবেন।
এর আগে, দেশের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি বাতিল করা হয়েছিল। বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততম সময়ের মধ্যেই নতুন সময়সূচি নির্ধারণ করা হলো।



