ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ক্রিকেটাররা বিসিবিকে নতুন এক আলটিমেটাম দেয়। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল সূত্র জানায়, নাজমুল ইসলাম ইস্যুকে কেন্দ্র করে যদি বিপিএল বন্ধ হয়ে যায়, তাহলে ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফসহ সংশ্লিষ্ট সবার পারিশ্রমিক পরিশোধের সম্পূর্ণ দায় বিসিবিকেই নিতে হবে—এমন দাবি জানিয়েছে ক্রিকেটাররা। সংশ্লিষ্টদের হিসাবে এই অর্থের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ বিষয়ে বিসিবির সংশ্লিষ্ট পরিচালককে স্পষ্ট করে বলেন, বিপিএল এ পর্যায়ে এসে বন্ধ হলে তার দায় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলকেই বহন করতে হবে এবং সব বকেয়া পরিশোধের দায়িত্বও তাদেরই নিতে হবে। উল্লেখ্য, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরও ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নেয়, যা দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
সূত্র: জাগো নিউজ



