সৌদি আরবে দক্ষ কর্মী প্রেরণ আরও জোরদার করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি তাকামল হোল্ডিংয়ের মধ্যে সহযোগিতা আরও দৃঢ় হচ্ছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রিয়াদে তাকামলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। বৈঠকে তাকামলের বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদিও অংশ নেন।
বৈঠকে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, সৌদি আরবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে বিএমইটি এবং তাকামল যৌথভাবে কাজ করছে। বিএমইটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে; বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা চলছে। শুধু অক্টোবর মাসেই ৫১ হাজার ৬৫৩ কর্মী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং তাদের সনদ প্রদান করা হয়েছে।
তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জানান, সৌদি ওয়ার্ক ভিসার জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ এখন বাধ্যতামূলক। বর্তমানে প্রায় ৯০ শতাংশ বিদেশি কর্মী এই সনদ নিয়ে সৌদি আরবে প্রবেশ করছেন এবং শিগগিরেই এই হার শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে সিনিয়র সচিব আরও জানান, সৌদি আরবে যাওয়া কর্মীদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। পরীক্ষার ফি ৫০ ডলার এবং পুনঃপরীক্ষার ফিও সমান হওয়ায় তিনি অনুত্তীর্ণ কর্মীদের দ্বিতীয়বারের পরীক্ষার ফি মওকুফের অনুরোধ জানান। তাকামল কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়। এছাড়া সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা উন্নয়ন, রিস্কিলিং এবং আপস্কিলিং প্রশিক্ষণ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাসরিন কাউসার চৌধুরী, বোয়েলসের এমডি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী।



