মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনসিএম)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদন জানায়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ঝড়বৃষ্টি চলছে, যার সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ও হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাইল, তাবুক, আল জৌফের কিছু অংশসহ দক্ষিণপশ্চিমাঞ্চলেও মৃদু থেকে মাঝারি বর্ষণ অব্যাহত রয়েছে। অনেক অঞ্চলে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যা চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
এনসিএমের তথ্যমতে, লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপই এ অস্থির আবহাওয়ার মূল কারণ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতি পেতে পারে।
গালফ নিউজ আরও জানিয়েছে, পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে। সেখানে সৃষ্ট ঝোড়ো বাতাস দক্ষিণাঞ্চলীয় সৌদি আরবে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, যা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।



