
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর উপদেষ্টা পরিষদে নতুন সদস্য নিয়োগ দিয়েছেন। ক্রীড়া সাংবাদিক ও বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামিকে ক্রিকেট উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সামি দেশের ঘরোয়া ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং তাঁর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির জন্য ক্রীড়াঙ্গনে বিশেষভাবে পরিচিত। ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা ও কাঠামোগত উন্নয়নে তিনি সভাপতির ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।
এছাড়াও, বিসিবি সভাপতির উপদেষ্টা কমিটিতে আরও দুইজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন।
পর্যটন খাতের অভিজ্ঞ পেশাজীবী সাখাওয়াত হোসেন হয়েছেন ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা। দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যটনের সঙ্গে যুক্ত করে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে তিনি কাজ করবেন।
এদিকে, ব্যারিস্টার শেখ মাহাদিকে আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্রিকেট প্রশাসনে নীতি, আইন ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তিনি পরামর্শ প্রদান করবেন।
বিসিবি সূত্র জানিয়েছে, এই তিন সদস্যের উপদেষ্টা কমিটি দেশের ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে।


