বিপিএল-এর (BPL) দ্বাদশ আসর শুরুর প্রাক্কালে বড় ঘোষণা দিলো সিলেট টাইটানস। এবারের আসরের জন্য বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দলের নেতৃত্ব প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, মিরাজের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তার হাত ধরে এই মৌসুমে দলটি এক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদী।
মাঠের প্রস্তুতির পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে সিলেট টাইটানস। বিপিএলের নিয়মানুযায়ী তারা ইতোমধ্যে ক্রিকেটার ও ম্যানেজমেন্টের ২৫ শতাংশ বেতন পরিশোধ করেছে এবং সেই সঙ্গে অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও নিশ্চিত করেছে। উল্লেখ্য, আগামীকাল সিলেটে উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটানস। একই দিনে সন্ধ্যায় অন্য একটি ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।



