জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। আগামী ১৩ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। রোববার (৭ ডিসেম্বর) এ দিনটি প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা সময়মতো প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।
এর আগে গত ২১ অক্টোবর রমনা থানায় মামলাটি করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা অভিযোগ আনা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসা থেকে অস্বাভাবিক অবস্থায় সালমান শাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই তার মৃত্যু ‘স্বাভাবিক’ নয় বলে সন্দেহ প্রকাশ করা হয় এবং এটিকে ‘হত্যা’ হিসেবে দাবি করা হয়।
সেই বছরেরই ২৪ জুলাই সালমান শাহের বাবা কমর উদ্দীন আহমদ চৌধুরী আদালতে আবেদন করে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং পুনঃতদন্তের অনুরোধ জানান। পরবর্তীতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে ও পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে। তবে মামলার কোনো আসামি মারা গেলে প্রমাণ সাপেক্ষে তারা আইনি দায় থেকে অব্যাহতি পাবেন।



