সারাদেশে নিরাপত্তা ও আকাশপথের শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নিষেধাজ্ঞা দেশের সব এলাকায় কার্যকর থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ড্রোন উড়ালে তাকে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭–এর ২৪ ধারার আওতায় অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে জরুরি ও গুরুত্বপূর্ণ প্রয়োজনে ড্রোন ব্যবহারের সুযোগ সীমিত পরিসরে রাখা হয়েছে। বেবিচকের পূর্বানুমতি এবং সংশ্লিষ্ট সব সংস্থার প্রয়োজনীয় ছাড়পত্র সাপেক্ষে গবেষণা, জরিপ, কৃষি কার্যক্রম, পরিবীক্ষণ কাজ এবং সরকারি সংস্থার আয়োজিত অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন ব্যবহারের অনুমোদন পেতে পারে।



