আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, যারা সোমবার দুপুরে ঢাকায় পৌঁছেছে।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশ নিচ্ছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে থাকছে না নেপাল। সফরকারী দলগুলোর মধ্যে ভুটানই সবার আগে ঢাকায় এসেছে। ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হবে। দুই দলেরই মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার ঢাকায় পৌঁছালেও সেদিন কোনো অনুশীলন করেনি ভুটান। মঙ্গলবার মাঠে অনুশীলনে নামার কথা রয়েছে তাদের। অন্যদিকে, বাংলাদেশ দল সোমবার বিকেলে ফ্লাডলাইটের আলোয় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার পরিকল্পনা করেছিল। তবে মঙ্গলবার জাতীয় স্টেডিয়াম সাফের ম্যাচ কমিশনারের তত্ত্বাবধানে থাকায় বাংলাদেশ দলকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করতে হবে।
ভুটানের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। গত বছর ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলার আগে ঢাকায় ভুটানকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। সংস্কারের পর ওই ম্যাচের মধ্য দিয়েই ঢাকা স্টেডিয়ামে নতুনভাবে ফুটবল শুরু হয়েছিল। ম্যাচটিতে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে হামজা চৌধুরীর প্রথম গোলটিও এসেছিল ভুটানের বিপক্ষে ওই ম্যাচে।



