চীনের শানডং প্রদেশের উপকূলীয় সাগরের তলদেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনির সন্ধান মিলেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, খনিটি শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইজৌ উপকূলের কাছে অবস্থিত। এই অভাবনীয় আবিষ্কারের ফলে লাইজৌ অঞ্চলের প্রমাণিত স্বর্ণের মজুত ৩ হাজার ৯০০ টন ছাড়িয়ে গেছে, যা বর্তমানে চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশ। তবে কৌশলগত কারণে নব আবিষ্কৃত এই সমুদ্রতলস্থ খনিটির সুনির্দিষ্ট মজুতের পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে চীন খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত মাসেই লিয়াওনিং প্রদেশে দেশটির প্রথম ‘সুপার-লার্জ’ স্বর্ণ খনির সন্ধান পাওয়া যায়, যার মজুত প্রায় ১ হাজার ৪৪৪ টন। এছাড়া নভেম্বরে শিনজিয়াং অঞ্চলের কুনলুন পর্বতমালায় আরও একটি বিশাল খনি আবিষ্কৃত হয়, যেখানে মজুতের পরিমাণ ১ হাজার টনেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে চীনের শানডং উপদ্বীপ অঞ্চলটি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণ খনি অঞ্চল হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।
চীন বর্তমানে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হলেও প্রমাণিত মজুতের দিক থেকে এখনো দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার চেয়ে কিছুটা পিছিয়ে। এই খামতি পূরণে চীন সরকার খনিজ অনুসন্ধানে বিপুল বিনিয়োগ করছে। ২০২১ সাল থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় দেশটি এখন পর্যন্ত প্রায় ৪৫০ বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে, যার ফলে দেশজুড়ে ১৫০টি নতুন খনিজ ভাণ্ডারের সন্ধান মিলেছে। এই বিপুল বিনিয়োগ ও একের পর এক নতুন খনির আবিষ্কার বিশ্ব স্বর্ণ বাজারে চীনের প্রভাব আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।



