বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন সাকিব আল হাসান। অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো দেশের হয়ে তার ক্রিকেট অধ্যায় শেষ। তবে সেই ধারণায় নতুন আলো ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।
শনিবার (১২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠু বলেন, “বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তার জন্য কোনো সেকেন্ড চয়েস নেই। জাতীয় দলের দরজা সবসময় তার জন্য খোলা।” তিনি আরও জানান, বিষয়টি এখন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।
এদিকে জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স এখনও প্রশংসনীয়। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই উজ্জ্বল ছিলেন তিনি। ব্যাট হাতে মাত্র ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস এবং বল হাতে ১৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে ২২ রানে জিতিয়েছেন সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।
সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে মিঠু আরও বলেন, “আগে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো জানি না। তবে বর্তমান সভাপতি ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তারা সাকিবের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।”
ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের মতে, ফর্ম ও অভিজ্ঞতার বিবেচনায় সাকিবকে আবারও জাতীয় দলে দেখা এখন কেবল সময়ের ব্যাপার। বাংলাদেশের এই পোস্টারবয়ের কামব্যাক ঘিরে তাই নতুন করে আশা বেঁধেছেন সমর্থকেরা।



