একটি সম্পর্কের শুরুতে পারস্পরিক আকর্ষণ, বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের পরিণয়—এই সময়গুলো থাকে অত্যন্ত আনন্দময়। তবে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে, আদর্শ দম্পতির মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হওয়া উচিত? বয়সের ব্যবধান কি সম্পর্কের স্থায়িত্বে প্রভাব ফেলে?
এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এমোরি বিশ্ববিদ্যালয়। তারা প্রায় ৩ হাজার যুগলের সম্পর্ক বিশ্লেষণ করে একটি গবেষণা পরিচালনা করে। গবেষণায় উঠে এসেছে, বয়সের ব্যবধান সম্পর্কের স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১ বছরের পার্থক্য:
যখন যুগলের বয়সের ব্যবধান মাত্র ১ বছর, তখন তাদের বিচ্ছেদের সম্ভাবনা থাকে মাত্র ৩ শতাংশ। এটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বয়সের ফারাক হিসেবে ধরা হয়।
৫-৭ বছরের পার্থক্য:
যুগলের বয়সে যদি ৫ থেকে ৭ বছরের ফারাক থাকে, তাহলে ১৮ শতাংশ সম্ভাবনা থাকে বিচ্ছেদের। তবে এটি এখনও তুলনামূলকভাবে স্থিতিশীল বিবেচিত হয়।
১০ বছরের পার্থক্য:
এক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ৩৯ শতাংশে। বয়সের এই ব্যবধানের ফলে পারস্পরিক বোঝাপড়ায় সমস্যার সৃষ্টি হতে পারে।
২০ বছরের পার্থক্য:
যদি বয়সের ফারাক ২০ বছর হয়, তাহলে সেই সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়—প্রায় ৯৫ শতাংশ।
সন্তান ও সম্পর্ক:
গবেষণায় আরও দেখা যায়, সব সময় শুধু বয়সই সম্পর্ক ভাঙার কারণ নয়। বিভিন্ন সামাজিক ও পারিপার্শ্বিক কারণও ভূমিকা রাখে। বিয়ের আগে সন্তান হলে সম্পর্ক তুলনামূলকভাবে বেশি টেকে, কিন্তু বিয়ের পর সন্তান নিলে সেই সম্পর্কেও ৫৯ শতাংশ বিচ্ছেদের সম্ভাবনা থেকে যায়।
সমবয়সীদের প্রেম:
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, সমবয়সী দম্পতিদের মধ্যে সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বয়সের কাছাকাছি হলে মানসিক মিল, রুচির সাদৃশ্য ও বোঝাপড়া বেশি হয়—যা দীর্ঘমেয়াদে সম্পর্ককে দৃঢ় করে।



