ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৭ মিনিটে সিনেমাটির সংবাদ সম্মেলনে হাজির হয়ে সমালোচনা ও কারিগরি ত্রুটি নিয়ে সরাসরি মুখ খোলেন শাকিব খান। তিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়কে বাণিজ্যিক সিনেমার সেরা নির্মাতা হিসেবে উল্লেখ করে আবু হায়াত মাহমুদের প্রশংসাও করেন।
শাকিব জানান, ‘প্রিন্স’ বড় পরিসরের সিনেমা হিসেবে পরিকল্পনা করা হলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “হায়াতের ভেতরে অনেক প্রতিভা রয়েছে কিন্তু আমরা দুজনেই সিনেমাটির জন্য পর্যাপ্ত সময় পাইনি। সময় পেলে ‘প্রিন্স’ নিয়ে ফাটিয়ে দিতাম।” তিনি জানান, বড় সেটের জায়গায় ছোট পরিসরে কাজ শেষ করতে হয়েছে এবং ঈদের আগের দিনও শুটিং করেছেন। এমনকি একটি গানের শুটিং মাত্র কয়েক ঘণ্টায় শেষ করতে হয়েছে।
সিনেমার কারিগরি ত্রুটি নিয়ে সমালোচনার জবাবে শাকিব বলেন, কালার, সাউন্ড, ভিএফএক্স বা সিজির সমস্যার জন্য তিনি বা পরিচালক হায়াত দায়ী নন। তিনি হায়াতকে অত্যন্ত মেধাবী নির্মাতা হিসেবে উল্লেখ করে জানান, ভবিষ্যতে তার সঙ্গে আবারও কাজ করবেন এবং পর্যাপ্ত সময় পেলে দারুণ কিছু উপহার দেবেন।



