বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও অস্বস্তিকর বাস্তবতা সামনে এসেছে। আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে বিপিএলকে বিশ্বের সবচেয়ে দুর্বল লিগ হিসেবে চিহ্নিত করেছে ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার। সাম্প্রতিক এক মূল্যায়নে প্রকাশিত এই র্যাংকিংয়ে বিপিএল অবস্থান করেছে তালিকার একেবারে তলানিতে।
এই পর্যালোচনায় আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগকে চারটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। মানদণ্ডগুলো হলো—বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক মান। প্রতিবেদনে দেখা যায়, এই চারটির মধ্যে তিনটি সূচকেই সর্বনিম্ন স্কোর পেয়েছে বিপিএল। কেবল স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার একটি সূচকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি সবচেয়ে নিচে থাকলেও, সেখানে বিপিএলের অবস্থান নবম।
ক্রিকেট ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে বিপিএলের মান ও গ্রহণযোগ্যতা ধারাবাহিকভাবে কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নানা ধরনের অব্যবস্থাপনা, আর্থিক জটিলতা, ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে অনিশ্চয়তা এবং প্রশাসনিক অনিয়মের কারণে টুর্নামেন্টটির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।
দ্য ক্রিকেটার আরও জানায়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ—এই দুটি টুর্নামেন্টই র্যাংকিংয়ের নিচের দিকে অবস্থান করছে। এসব সমস্যার ফলে লিগগুলোর সামগ্রিক মান ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এক সময় দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিবেচিত বিপিএলকে ঘিরে এই বৈশ্বিক মূল্যায়ন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটির মান, পরিকল্পনা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

