বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে শিল্পীদের রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। তার মতে, শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। কেউ রাজনীতি করতে চাইলে অভিনয় ছেড়ে পূর্ণসময়ের জন্য রাজনীতিতে মনোযোগ দেওয়া উচিত। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবুল হায়াত বলেন, ‘আমি মনে করি শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত না। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত।’ তিনি সরাসরি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে ইঙ্গিত না করে শিল্পীদের পেশাগত নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে তারকাদের উপস্থিতির মধ্যেই আবুল হায়াতের এই মন্তব্য নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি; অন্যটিতে সভাপতি পদে শিবা সানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হয়ে আজই নতুন কমিটির ফলাফল ঘোষণা করা হবে।



