ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’–এ যুক্ত হয়েছেন ছোটপর্দার বর্তমান আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে শাকিব–ফারিণ জুটির নতুন রসায়ন।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ক্যাপশনে লেখা হয়, ‘আনুষ্ঠানিক ঘোষণা— তাসনিয়া ফারিণ প্রিন্স-এ যোগ দিলেন।’ আরও উল্লেখ করা হয়, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা, এক নতুন অধ্যায়ের সূচনা।’
প্রকাশিত ছবিতে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি হয়ে দেখা যায় তাসনিয়া ফারিণকে। পরে নিজেও পোস্টটি শেয়ার করে আবেগঘনভাবে লেখেন, ‘হৃদয় ভরে গেছে, আমি প্রিন্সের জন্য প্রস্তুত।’
তবে ফারিণ শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন কি না— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আবু হায়াত মাহমুদের পরিচালনায় সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে সহকারী হিসেবে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।



