ঢাকাই চলচ্চিত্রে ‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমার সম্ভাব্য নাম ‘নিঃস্ব’, যা নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত হলেও তার বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে নতুন প্রকল্পের আভাস দেন শাকিব খান। ছবিতে তার সঙ্গে ছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।’ এই বার্তার পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে।
জানা গেছে, ‘বরবাদ’-এর মতো এই সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই নতুন সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপর শুরু হবে শুটিংয়ের কাজ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি ৭৫ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে বলে দাবি করেছিলেন নির্মাতারা। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।



