এশিয়া কাপের সূচি আগেই প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), যেখানে প্রতিটি দলের প্রতিপক্ষ নির্ধারিত হলেও ভেন্যু ছিল অনিশ্চিত। অবশেষে গ্রুপ পর্বের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা নিশ্চিত করেছে এসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি—এই দুটি ভেন্যুতে।
পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, ১৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনালসহ ১১টি ম্যাচ। বাকি ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এবারের আসরে বেশিরভাগ ম্যাচ আয়োজনের দায়িত্ব পড়েছে দুবাইয়ের কাঁধে।
বাংলাদেশ দল তাদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলবে আবুধাবিতে। প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দল মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ ও ১৬ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির মাটিতে।
প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে ১৫ সেপ্টেম্বর ব্যতিক্রম হিসেবে আমিরাত ও ওমানের মধ্যকার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, কারণ ওই দিন রয়েছে দুটি ম্যাচ।



