লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসর শুরু হবে ১৭ জুলাই। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের দলে ভেড়াতে শুরু করেছে। এই প্রক্রিয়ায় দল পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন দুই বাংলাদেশি—সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবং পেসার তাসকিন আহমেদও খেলবেন একই দলে। এছাড়া সরাসরি চুক্তিতে দল পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাহিবজাদা ফারহান ও বিজয় শংকর।
এলপিএলের অন্য দলগুলোর ঘোষিত চুক্তি তালিকা অনুযায়ী, কলম্বো ক্যাপসের স্থানীয় আইকন কুশল মেন্ডিস, স্থানীয় তারকা কামিন্দু মেন্ডিস, বিদেশি আইকন জিমি নিশাম ও বিদেশি তারকা বেন ম্যাকডারমট। ডাম্বুলা সিক্সার্সের স্থানীয় আইকন দুশমন্থ চামিরা, স্থানীয় তারকা দীনেশ চান্দিমাল, বিদেশি আইকন সাহিবজাদা ফারহান ও বিদেশি তারকা রিজা হেনড্রিকস। গল গ্যালান্টসের স্থানীয় আইকন দাসুন শানাকা, স্থানীয় তারকা ইশান মালিঙ্গা ও বিদেশি আইকন রাসি ফন ডার ডুসেন। ক্যান্ডি রয়্যালসের স্থানীয় আইকন ওয়ানিন্দু হাসারাঙ্গা, স্থানীয় তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস, বিদেশি আইকন মঈন আলি ও বিদেশি তারকা বিজয় শংকর।



