আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য শ্রীলঙ্কা ১৫ ওভারের আগেই মাত্র ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে আউট হলে দল চাপের মুখে পড়ে যায়। টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও হাসারাঙ্গার বলে সাজঘরে ফেরেন।
তবে ষষ্ঠ উইকেটে জাকের আলী (৪১*) ও শামীম হোসেন (৪২*) অসাধারণ জুটি গড়ে ৮৬ রান যোগ করেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ দাঁড় করায় ১৩৯ রান।
কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সামনে এই রান কোনো চ্যালেঞ্জই হয়ে ওঠেনি। ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৪ বলে দুর্দান্ত ৫০ রান করে দলকে শক্ত ভিত দেন। তার সঙ্গে কামিল মিশারার ৮৫ রানের জুটি জয় নিশ্চিত করে ফেলে। নিসাঙ্কা আউট হলেও মিশারা অপরাজিত ৪৬ রানে শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দেন।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান ২টি, আর মোস্তাফিজুর রহমান ও তানজিম একটি করে উইকেট নেন। তবে শুরুতে যে ভয়াবহ ব্যাটিং ধস নেমেছিল, সেটি আর কাটিয়ে উঠতে পারেনি টাইগাররা।
এই হারে গ্রুপ পর্বে বাংলাদেশের পথ আরও কঠিন হয়ে গেল, অন্যদিকে শ্রীলঙ্কা দাপুটে জয় দিয়ে তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করল।



