মায়ের আকস্মিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। তবে আশার খবর হলো—আনিসা আগামীকাল রোববার (২৯ জুন) অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছে।
শনিবার (২৮ জুন) বিকেলে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা কালবেলাকে জানান, “আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে।” এর আগে সকালেই আনিসা বলেন, “আমি আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি।”
ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা আনিসার সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের পরীক্ষাসহ পরবর্তী সব পরীক্ষায় নিয়মমাফিক অংশ নেবে।” তিনি আরও জানান, কলেজ থেকে সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠানো হয়েছিল। তিনি জেনে এসেছেন, আনিসার মা বর্তমানে সুস্থ আছেন। যদিও শিক্ষক গিয়েছিলেন, তখন আনিসার মা ঘুমাচ্ছিলেন বলে তাঁর সঙ্গে কথা হয়নি।
আনিসার মা জানান, “সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরপর কী হয়েছে, তা বলতে পারি না। চিকিৎসা শেষে রাত ৮টার দিকে বাসায় ফিরি।” তিনি আরও জানান, তাঁকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।
এই ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, “ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করতে শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছেন।”



