রোবট দিয়ে রোবট তৈরির ধারণাটি আর কেবল সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ নেই, বরং তা এখন বাস্তব। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানিয়েছে, তারা এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন চালু করেছে, যেখানে হিউম্যানয়েড বা মানুষের মতো আকৃতির রোবট ব্যবহার করে অন্য হিউম্যানয়েড রোবট তৈরির কাজ করা যাবে।
এক্সপেংয়ের প্রধান নির্বাহী হে শিয়াওপেং এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তাঁর দাবি, এটি উন্নত সাধারণ উদ্দেশ্যের হিউম্যানয়েড রোবট তৈরির বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় উৎপাদন প্রক্রিয়া। এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় মানুষের সরাসরি অংশগ্রহণ কমিয়ে বড় পরিসরে হিউম্যানয়েড রোবট তৈরি করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
এই প্রক্রিয়ায় তৈরি প্রথম রোবটটির নাম দেওয়া হয়েছে ‘আয়রন’। হে শিয়াওপেং জানান, উৎপাদন শেষে আয়রন নিজেই হেঁটে কারখানা থেকে বেরিয়ে আসে। অর্থাৎ, এটি শুধু কারখানার নির্দিষ্ট কোনো কাজের জন্য তৈরি রোবট নয়; বরং একটি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরির সক্ষমতাও দেখিয়েছে এই উৎপাদন ব্যবস্থা।
তবে কারখানাটিতে বর্তমানে কতটি রোবট তৈরি করা সম্ভব বা এর নির্দিষ্ট উৎপাদন সক্ষমতা কত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এক্সপেং। হিউম্যানয়েড রোবট শিল্পের বড় চ্যালেঞ্জ এখন শুধু রোবটকে হাঁটানো, কথা বলানো কিংবা বিভিন্ন কাজ করানো নয়; কম খরচে দ্রুত বিপুল সংখ্যায় রোবট উৎপাদন করাও গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়ার বড় অংশ স্বয়ংক্রিয় করা গেলে ভবিষ্যতে কম সময়ে এবং আরও ধারাবাহিকভাবে রোবট তৈরি করা সম্ভব হতে পারে।
হে শিয়াওপেংয়ের আশা, ভবিষ্যতে ‘আয়রন’ আরও বেশি সাধারণ কাজ করার সক্ষমতা অর্জন করবে। বিপজ্জনক, একঘেয়ে কিংবা মানুষ যে কাজগুলো করতে অনাগ্রহী, সেসব কাজেও হিউম্যানয়েড রোবট ব্যবহারের লক্ষ্য রয়েছে।
সূত্র: উইয়ন নিউজ



