এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে আজ জয় ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।
ভারতের কাছে হারের পর সমীকরণ এখন একেবারেই সহজ—এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই লিটন দাসের দল সরাসরি ফাইনালে উঠবে ভারতের মুখোমুখি হতে। তবে হেরে গেলে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে পাকিস্তান। ফলে ম্যাচটি কার্যত অঘোষিত সেমিফাইনাল হিসেবেই ধরা হচ্ছে।
বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে খেলবেন লিটন দাস। এতে ব্যর্থতায় ভরা শেষ দুই ম্যাচের কারণে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। এ ছাড়া একাদশে দেখা যেতে পারে অলরাউন্ডার শেখ মাহেদীকেও।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। দুই দল এতদিনে ১৫ বার মুখোমুখি হলেও বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ২ বার। তবে সাম্প্রতিক সময়ে চিত্র ভিন্ন। ২০২৪ থেকে এখন পর্যন্ত সব ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৮ বার। যেখানে জয়-হার সমান ৪টি করে। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি আছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সাফল্যও।
বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে দেখা যাবে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) এবং টফি লাইভ ডট কমে। এ ছাড়া স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবেন।



