পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক একই সময়সূচি অনুসরণ করবে। অফিস চলাকালীন বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে এ সময়েও বিকল্প ব্যবস্থায় লেনদেন কার্যক্রম চালু রাখতে হবে।
বর্তমানে স্বাভাবিক সময়ে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত হয়। প্রতি বছরের মতো রমজান উপলক্ষে সময় কমিয়ে আনা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান শুরু হতে পারে। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের নিয়মে ফিরে যাবে।



