শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হবে, যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।
এর আগে বিকেলে মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত রোববার একটি রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে পূর্বের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়, ফলে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে সম্প্রতি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। নির্বাচনী ছুটির মধ্য দিয়েই মাদ্রাসাগুলোর ঈদের ছুটি শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে। কলেজগুলোতেও বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে; ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।



