সকাল থেকেই শরীর ভার লাগছে? কাজ করতে ইচ্ছে করছে না, অথচ ভারী কিছু করাও হয়নি—এমনটা কি আপনার সঙ্গেও ঘটে? আজকের ব্যস্ত জীবনে ক্লান্তি একটা স্বাভাবিক বিষয় হলেও যদি প্রতিদিন, সারাদিন ক্লান্তি অনুভব করেন—তাহলে বিষয়টি উপেক্ষা করা ঠিক নয়। কারণ এর পেছনে থাকতে পারে এক বা একাধিক শারীরিক কিংবা মানসিক কারণ। বিশেষজ্ঞরা বলছেন, কিছু দৈনন্দিন অভ্যাস অজান্তেই আমাদের শরীর থেকে এনার্জি চুরি করে নেয়। চলুন, জেনে নিই সেই সাধারণ ৫টি কারণ।
১. অনিয়মিত খাওয়া-দাওয়া
অনেকে সকালে না খেয়ে অফিসে চলে যান, আবার কেউ দুপুরে শুধু হালকা নাশতা সারেন। অনেকের আবার নির্দিষ্ট সময় নেই—যখন যা মনে হয় খেয়ে নেন। এতে শরীর নিয়মিত প্রয়োজনীয় পুষ্টি পায় না, ফলে এনার্জি কমে গিয়ে ক্লান্তি চেপে বসে।
সমাধান: দিনে ৩ বেলা নিয়মিত প্রধান খাবার এবং ২ বেলা হালকা নাশতার অভ্যাস করুন।
২. মানসিক চাপ বা স্ট্রেস
চিন্তা, অফিসের টেনশন, পারিবারিক সমস্যা—এসব মানসিক চাপ শুধু মনের ওপর নয়, শরীরের ওপরও প্রভাব ফেলে। এতে মাংসপেশি টান টান লাগে, মাথা ধরে, হজমের সমস্যা হয়—সব মিলিয়ে সারাক্ষণ ক্লান্ত লাগে।
সমাধান: প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন—মেডিটেশন, হালকা ব্যায়াম বা পছন্দের কাজ করুন।
৩. পর্যাপ্ত ঘুম না হওয়া
স্মার্টফোন, টিভি বা ল্যাপটপের কারণে রাতের ঘুম কমে যাচ্ছে। পর্যাপ্ত ঘুম না হলে শুধু ক্লান্তিই নয়, বিরক্তি, মন খারাপ ও ভুলে যাওয়ার প্রবণতাও বাড়ে।
সমাধান: প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমানোর চেষ্টা করুন এবং ঘুমাতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে স্ক্রিন টাইম বন্ধ রাখুন।
৪. অতিরিক্ত ওজন (স্থূলতা)
যাদের ওজন বেশি, তাদের শরীরকে প্রতিদিন বাড়তি কষ্ট করতে হয়। ফলে সাধারণ কাজেও বেশি এনার্জি খরচ হয়, আর সহজেই ক্লান্ত লাগে।
সমাধান: সুষম খাদ্যাভ্যাস ও হালকা ব্যায়ামের মাধ্যমে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আনুন।
৫. ডায়াবেটিস (রক্তে শর্করার ভারসাম্যহীনতা)
ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হলো নিয়মিত ক্লান্তি। রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক না থাকলে শরীর কোষগুলো এনার্জি ব্যবহার করতে পারে না, ফলে অল্পতেই ক্লান্তি আসে।
সমাধান: ক্লান্তির পাশাপাশি ওজন কমা, ঘন ঘন প্রস্রাব বা অতিরিক্ত তৃষ্ণা অনুভূত হলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করান।
সবশেষে বলা যায়, ক্লান্তি কখনো সাধারণ কারণেও হতে পারে, আবার কখনো এটি গুরুতর রোগের ইঙ্গিত দেয়। তাই অবহেলা না করে দৈনন্দিন জীবনযাত্রা, ঘুম এবং খাদ্যাভ্যাসের দিকে নজর রাখুন। মনে রাখবেন—জীবন একটাই, সেটি সঠিকভাবে না চালালে শরীর-মন দুটোই হাল ছেড়ে দেবে।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা



