ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল হিসেবে গণ্য হতে পারে। ইসির নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এর মধ্যে ব্যালট পেপার বাংলাদেশে পৌঁছানো নিশ্চিত না হলে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রবাসী ভোটারদের সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হলেও এর জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলা বাধ্যতামূলক।
ইসি সূত্র জানায়, ভোট প্রদান শেষে সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করে হলুদ খামে সংযুক্ত করতে হবে। এরপর দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দেওয়ার জন্য প্রবাসী ভোটারদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৫ ফেব্রুয়ারির মধ্যে কোনো ব্যালট দেশে না পৌঁছালে তা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না। নির্বাচন বিধি অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছাতে ব্যর্থ হলে ওই ভোট গণনার বাইরে রাখা হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য নির্বাচন কমিশন পুনরায় জোর তাগিদ দিয়েছে।



