এশিয়া কাপে ভালো কিছু করার সহজ সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে হেরে সেটি হাতছাড়া করেছে বাংলাদেশ। ব্যর্থ সেই মিশন শেষে টাইগাররা এবার নামছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। বৃহস্পতিবার (২ অক্টোবর) শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, আর সেটিকে ঘিরেই চলছে সম্ভাব্য একাদশ নিয়ে নানা আলোচনা।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস দেশে ফিরেছেন। ফলে আফগান সিরিজে নেতৃত্ব দেবেন জাকের আলী। এশিয়া কাপে দারুণ ব্যাটিং করে নজর কাড়ায় সাইফ হাসানের একাদশে জায়গা প্রায় নিশ্চিত। তার সঙ্গে ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিম, যদিও পারভেজ হোসেনের নামও আলোচনায় রয়েছে। যদি তানজিদ ওপেনিংয়ে নামেন, তবে ইমনকে নামতে হতে পারে তিন নম্বরে।
উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের একাদশে থাকার সম্ভাবনা খুব কম। অফ-স্পিনার মাহেদী হাসানের জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে, সঙ্গে থাকবেন লেগ-স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে। আফগানিস্তানে সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখা যাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও-তে, আর ডিজিটাল প্ল্যাটফর্মে তামাশা ও মাইকোতে। ভারতে ম্যাচটি দেখানো হবে ফ্যানকোডে। বিশ্বের বাকি দেশগুলোতে বিনামূল্যে সরাসরি সম্প্রচার হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান।



