মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি। এ-সংক্রান্ত সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগের পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় বা এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর প্রদর্শনের অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ। নতুন বিধিমালায় নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে।
একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের বিষয়টিও সংশোধিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে।



