আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির শেষ অফিসিয়াল ম্যাচ—এই সত্যটি মানতে ভক্তদেরই কষ্ট হচ্ছে। আগামীকাল ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নামবেন তিনি। বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসতেই সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ছে আবেগ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত এক ভিডিওতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মেসির দুই আস্থাভাজন সতীর্থ—আঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল।
ভিডিওর নিচে কান্নার ইমোজি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন ডি মারিয়া। অন্যদিকে ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ডি পল। যদিও ডি মারিয়া ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন, তবে ডি পল হয়তো দেশের মাটিতে মেসির সঙ্গে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন।
মেসির পরিবারও থাকবেন গ্যালারিতে—স্ত্রী আন্তোনেলা, সন্তানরা, ভাইবোন, বাবা–মা ও শ্বশুরবাড়ির সদস্যরা। নিজেই আগেই জানিয়েছিলেন, “এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। হয়তো এরপর কোনো প্রীতি ম্যাচ থাকতে পারে, তবে অফিসিয়াল ম্যাচ এটাই শেষ।”
মেসির সোনালি অধ্যায়ে ডি মারিয়া ও ডি পলের অবদান অনস্বীকার্য। তাদের সঙ্গে মেসি জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) এবং ফাইনালিসিমা। দেশের মাটিতে তার পরিসংখ্যানও অনন্য—৪৯ ম্যাচে ৩৫ গোল ও ১৯টি অ্যাসিস্ট। বলিভিয়ার বিপক্ষে করেছেন সর্বাধিক ৭ গোল, এরপর উরুগুয়ে (৫) ও ইকুয়েডর (৪)।
চিলির রেফারি পিয়েরো মাজ্জার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হবে একটি যুগ। তবে মেসির রেখে যাওয়া স্মৃতি, গোল আর শিরোপার গল্প বেঁচে থাকবে আর্জেন্টিনা ও বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে।



