লিওনেল মেসির ইনজুরি ঘিরে ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়েন তিনি। তখনই ধারণা করা হচ্ছিল, মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। পরে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইএসপিএনের কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবল জানান, মেসির হ্যামস্ট্রিংয়ে ‘টেন্ডারনেস’ ও কিছুটা ‘ব্রুইজিং’ ধরা পড়েছে। যদিও ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সূত্র বলছে এটি বড় ধরনের ছিঁড়ে যাওয়া ইনজুরি নয়।
তবুও আশঙ্কা থেকেই যাচ্ছে। গুঞ্জন রয়েছে, মেসি হয়তো তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। মায়ামি হেরাল্ড-এর স্পোর্টস রিপোর্টার মিশেল কাউফম্যান জানান, মেসির ইনজুরি মূলত ডান উরুর ওপরের দিকে, এবং এটি যদি সত্যি হ্যামস্ট্রিং ইনজুরি হয়, তবে চলতি লিগস কাপের বাকি অংশে মেসিকে আর দেখা যাবে না।
ম্যাচ চলাকালীন দশম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যান মেসি। এরপরই মাঠে বসে চোটের ইঙ্গিত দেন। ফিজিও এসে দেখার পর তাকে পরিবর্তন করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও তিনি নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়েন, তবে তার মুখে স্পষ্ট ছিল অস্বস্তির ছাপ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “লিও কিছুটা অস্বস্তি অনুভব করছিল হ্যামস্ট্রিংয়ে। যদিও গুরুতর মনে হয়নি, কারণ ব্যথা তেমন বলার মতো কিছু ছিল না। তবে সে নিজে জানিয়েছে যে সমস্যা হচ্ছে, তাই আমরা পরিবর্তন করেছি। বিস্তারিত জানতে রিপোর্টের অপেক্ষায় আছি।”
দলকে সমতায় ফেরানো গোলদাতা জর্দি আলবা বলেন, “ইতিহাসের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়ায় আমাদের দলের জন্য এটা দুঃখজনক। ওর গুরুত্ব বলে বোঝাতে হয় না। আশা করি, এটি গুরুতর কিছু নয়।”
অন্যদিকে, ম্যাচের প্রথম গোলদাতা তেলাসকো সেগোভিয়া জানান, “আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম, সে কেমন আছে। মেসি বলেছে, সে ভালো আছে, তবে এখনো কোনো পরীক্ষা হয়নি।”



