সিলভার স্প্রিং, এমডি – মেরিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান বাংলা বাজার হালাল মাংসের গ্রোসারি সফলভাবে উদযাপন করেছে বর্তমান স্বত্বাধিকারীদের পথচলার পাঁচ বছর পূর্তি। গত ২৭–২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী আয়োজনে ছিল মেগা সেল, মিলনমেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও আকর্ষণীয় র্যাফেল ড্র।
প্রথম দিন, শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫, বেল্টসভিলের বাংলা বাজার স্টোরে অনুষ্ঠিত হয় দিনব্যাপী মেগা সেল। দেশীয় পণ্যে বিশেষ ছাড় ও প্রতিটি কেনাকাটায় ফ্রি র্যাফেল টিকিট পেয়ে ক্রেতারা ছিলেন উচ্ছ্বসিত। দেশীয় পণ্যের সমৃদ্ধ সংগ্রহ এবং বিশাল ছাড়ের কারণে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো, আর দিনটি হয়ে ওঠে উৎসবমুখর।
দ্বিতীয় দিন, রবিবার ২৮ সেপ্টেম্বর, সিলভার স্প্রিং-এর Roscoe Nix Elementary School-এ অনুষ্ঠিত হয় বাংলা বাজার শারদীয় মিলনমেলা। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম নারী by নারী- এর আন্তরিক সহযোগিতায় দেশীয় সাজ-পোশাক, কারুশিল্প ও ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডের স্টল সমৃদ্ধ করে তোলে মেলাকে। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, দেশীয় খাবার, মিষ্টি ও পান-সুপারির বাহারি আয়োজন প্রবাসী পরিবারগুলোর মিলনকে রূপ দেয় এক অনন্য কমিউনিটি উৎসবে।
মেলায় ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্র্যান্ড পুরস্কার হিসেবে প্রদান করা হয় ওয়াশিংটন ডিসি থেকে মেক্সিকোর ক্যানকুন পর্যন্ত বিমান টিকেট। এছাড়াও আরও ১৫টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। দিনশেষে সকলের জন্য পরিবেশিত হয় সুস্বাদু সান্ধ্যভোজ, যা উপস্থিত সবাইকে আনন্দ ও সৌহার্দ্যে একত্রিত করে। আয়োজক কমিটি জানায়, বাংলা বাজারের বয়স ২১ বছর হলেও বর্তমান স্বত্বাধিকারীদের যাত্রার ৫ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলা বাজারের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা প্রয়াত স্যামুয়েল শংকর ডি’ কস্তা, মধ্যবর্তী স্বত্বাধিকারী প্রয়াত মোঃ কাশেম, এবং একনিষ্ঠ কর্মী প্রয়াত বেঞ্জামিন রোজারিও – তাঁদের জানানো হয় গভীর শ্রদ্ধাঞ্জলি। এছাড়াও বাংলা বাজারে অবদান রাখার জন্য ক্রেতা, সমাজের বিভিন্ন স্তরের সংগঠন ও ব্যক্তিদের ধন্যবাদ স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টম ক্লিফোর্ড, ডিরেক্টর, বিজনেস পার্টনারশিপস প্রোগ্রাম, অফিস অফ স্ট্র্যাটেজিক পার্টনারশিপস, দ্য ইউনিভার্সিটিজ অ্যাট শেডি গ্রোভ, এবং স্থানীয় সরকারি কর্মকর্তা মো. আনিস আহমেদ।
বাংলা বাজার কর্তৃপক্ষ খুব শীঘ্রই একটি মৎস্য মেলা আয়োজনের কথা বলেন এবং বর্তমান স্বত্বাধিকারী বিভাষ, মার্ক ও বিপুল বলেন, “বাংলা ভাষাভাষী এবং অন্যান্য সকল দেশের সম্মানিত ক্রেতাদের সহযোগিতায় বাংলা বাজার এগিয়ে যাচ্ছে। তাই বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে আমরা বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে সবাইকে স্মরণ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।“



