ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে কিছুটা অস্বস্তি বোধ করে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে এই ঘটনা ভক্তদের মনে বড় উদ্বেগ তৈরি করেছিল। তবে প্রাথমিক মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, চোট গুরুতর নয়। ক্রীড়া মাধ্যম ‘দোবলে আমারিজা’ নিশ্চিত করেছে, আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।
গত রোববার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপ ঘনিয়ে আসায় মিয়ামি ও আর্জেন্টিনা শিবিরে শঙ্কা তৈরি হয়। তবে পরীক্ষায় দেখা গেছে, এটি কেবল পেশির ক্লান্তি বা টান। আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই মেসিকে পাওয়া যাবে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে পেশির টানে ভোগা কিংবা ম্যাচের মাঝে মাঠ ছাড়া মেসির জন্য নতুন নয়। গত কয়েক বছরে বেশ কয়েকবারই এমন ঘটনা ঘটলেও কখনো পেশি ছিঁড়ে যাওয়ার মতো বড় চোট হয়নি। প্রাথমিক পরীক্ষায় বড় চোটের আশঙ্কা নাকচ হয়ে যাওয়ায় স্বস্তিতে রয়েছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযানের আগে শেষ মুহূর্তের প্রীতি ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন স্কালোনি।



