সিনিয়রদের অনুপস্থিতিতে এক নতুন যাত্রায় নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব অধ্যায়। এই সিরিজকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। কারণ সাকিব আল হাসান এই সিরিজে অনুপস্থিত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরা ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে তরুণদের কাঁধে উঠেছে দলের দায়িত্ব।
ব্যাটিং লাইনআপে নতুন চেহারা
একাদশে ফিরছেন লিটন দাস। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার, তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন এবার। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও নাঈম শেখকে। শান্ত ব্যাট করতে পারেন তিন বা চার নম্বরে, যদিও এই পজিশনে তিনি এখনো পুরোপুরি মানিয়ে নেননি।
মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয় ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী। অধিনায়ক মিরাজ নিজেও ব্যাটিং অর্ডারে নমনীয়তা দেখাতে পারেন, সম্ভবত ছয়ে খেলবেন, যা দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্পিন-পেস মিলিয়ে বোলিং আক্রমণ
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকার কথা রিশাদ হোসেনের, যিনি সাদা বলের ক্রিকেটে কার্যকর একজন লেগ স্পিনার হিসেবে উঠে এসেছেন। তবে তার অসুস্থতার কারণে একাদশে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
কলম্বোর উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও এই ম্যাচে ব্যাট-বলের ভারসাম্যপূর্ণ পিচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে বিবেচনায় বাংলাদেশ তিন পেসার নিয়ে নামতে পারে—তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরেছেন, সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান এবং উদীয়মান তরুণ পেসার নাহিদ রানা।
শ্রীলঙ্কাও নতুন পরীক্ষা-নিরীক্ষায়
লঙ্কানদের দলে ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কার সঙ্গী হতে পারেন আভিস্কা ফার্নান্দো কিংবা নিশান মাদুশ্কা—চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন জানা যাবে। বোলিং বিভাগে অভিজ্ঞদের উপরেই আস্থা রেখেছে তারা। থিকসানা ও হাসারাঙ্গার স্পিন আক্রমণে থাকছেন আরও এসান মালিঙ্গা ও সম্ভবত দিলশান মাদুশাঙ্কা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), তানভীর ইসলাম/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
নিশান মাদুশ্কা/আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, এসান মালিঙ্গা, দিলশান মাদুশাঙ্কা।



