ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। তিনি জানান, সিংহটি এখনো চিড়িয়াখানার অভ্যন্তরেই অবস্থান করছে এবং তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবশ করার অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে—সুযোগ পেলেই পশুটিকে নিরাপদে অবশ করা হবে বলে জানান তিনি। এ ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানার ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে।
সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এমন প্রশ্নে পরিচালক মনে করেন, সম্ভবত খাঁচার দরজায় সঠিকভাবে তালা লাগানো হয়নি। কারণ কোথাও গ্রিল ভাঙা বা ফাঁকা অংশ পাওয়া যায়নি, তাই দরজা দিয়েই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান। বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।



