মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে দুই স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জোহর বারুতে ইস্কান্দার পুতেরি এলাকায় দুই ব্যক্তি ইমিগ্রেশন অফিসার সেজে ২৩ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে আটক করে ১৬০০ রিংগিত দাবি করেছিল।
শুক্রবার (১৩ মার্চ) ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার সান এক বিবৃতিতে সাধারণ মানুষ এবং বিশেষ করে বিদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পুলিশ জানায়, ভুক্তভোগীর বড় ভাই অভিযোগ জানালে তদন্ত শুরু হয় এবং দ্রুত সময়ে চাঁদাবাজদের শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তারের সময় পুলিশের হাতে এসেছে একটি গাড়ি, দুইটি ওয়াকিটকি, বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন, ভুক্তভোগীর পাসপোর্টের ফটোকপি এবং নগদ ৮০ রিংগিত। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪১৯ ধারায় ছদ্মবেশে প্রতারণার মামলা দায়ের প্রক্রিয়াধীন।



