ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বছরজুড়েই ভ্রমণের মুডে রয়েছেন। দীর্ঘ ব্যস্ততার ক্লান্তি দূর করতে স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তিনি এখন অবস্থান করছেন নীল জলরাশির দেশ মালদ্বীপে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত এই দ্বীপরাষ্ট্রে একান্ত যাপনে মেতেছেন এই তারকা দম্পতি।
মালদ্বীপের নীল দিগন্ত আর সমুদ্রের মনোরম পরিবেশের সঙ্গে কাটানো বেশ কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। সেখানে সমুদ্রবিলাসের পাশাপাশি তাদের দুজনকে সাইকেলিং করতেও দেখা গেছে। চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার সেই আনন্দঘন মুহূর্তগুলো ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মেহজাবীনের শেয়ার করা এই ছুটির অ্যালবামটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।



