বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণাকে ঘিরে বিষয়টি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তটি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ বজায় রেখে তথ্য সংগ্রহ করছে, যাতে সিদ্ধান্তটির প্রকৃত প্রভাব ও শর্তাবলি স্পষ্টভাবে জানা যায়।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, যেসব দেশের অভিবাসীরা ‘অগ্রহণযোগ্য মাত্রায়’ মার্কিন কল্যাণমূলক সুবিধা গ্রহণ করেন বলে মনে করা হচ্ছে, সেসব দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। পোস্টে আরও বলা হয়, নতুন অভিবাসীরা যাতে আমেরিকান জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করেন—এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ভিসা স্থগিতাদেশ বহাল থাকবে।



