নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বুধবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্প দাবি করেছেন, বৈঠকের আগ্রহের কথা প্রথমে মামদানি থেকেই এসেছে।
অতীতে ট্রাম্প ও মামদানি ছিলেন একে অপরের কট্টর সমালোচক। একাধিকবার সামাজিক মাধ্যমে নিউইয়র্কের এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়রকে ‘কমিউনিস্ট’ বলে আক্রমণ করেন ট্রাম্প। এমনকি নির্বাচনের সময়ও তিনি প্রকাশ্যে প্রচারণা চালান মামদানিকে ভোট না দেওয়ার জন্য। কিন্তু রাজনৈতিক তিক্ততা সত্ত্বেও তাদের মুখোমুখি বৈঠককে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার জন্ম।
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।



