বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা টেইলর সুইফট ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৬ বছরে পা দিয়েছেন। ১৯৮৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম নেওয়া টেইলর অল্প বয়সেই কণ্ঠ, সৌন্দর্য ও সৃজনশীলতার মিশেলে জয় করে নেন কোটি ভক্তের হৃদয়। অপেরা শিল্পী নানীর প্রভাব এবং ডলি পার্টন ও প্যাস্টি ক্লাইনের মতো কিংবদন্তি শিল্পীদের অনুপ্রেরণায় খুব ছোট বয়স থেকেই সংগীতচর্চা শুরু করেন তিনি। মাত্র ১০ বছর বয়সে মঞ্চে গান গাওয়া এবং ১২ বছর বয়সে গিটার শেখার পাশাপাশি গান লেখা শুরু করেন টেইলর সুইফট।
পরিবারের পূর্ণ সমর্থনে সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করতে ন্যাশভিলে নিয়মিত যাতায়াত করতেন তিনি। সেই সময় বিখ্যাত ব্লু বার্ড ক্যাফেতে তার প্রতিভা নজরে আসে প্রখ্যাত সংগীত প্রযোজক স্কট ব্রচেটার। ২০০৬ সালে মুক্তি পাওয়া তার প্রথম অ্যালবাম ‘টেইলর সুইফট’ তাকে পরিচিতি এনে দিলেও ‘ফিয়ারলেস’ অ্যালবামই তাকে বিশ্বসংগীতের ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। এখন পর্যন্ত ১৪টি গ্র্যামিসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন তিনি। বিলিয়নিয়ার হওয়া এবং টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়া এই শিল্পী প্রতিবারই নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। তার প্রতিটি নতুন কাজ ঘিরে ভক্তদের আগ্রহ ও অপেক্ষা যেন দিন দিন আরও বাড়ছেই।



