ফুটবল ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুইটি ভিন্ন ভেন্যুতে—প্রথমার্ধে ঢাকার কিংস অ্যারেনা এবং দ্বিতীয়ার্ধে পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। কারণ ছিল বৃষ্টি ও মাঠের অনুপযুক্ত অবস্থা।
মঙ্গলবার (১৫ জুলাই) এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতেই দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। মাত্র ৬ মিনিটেই শান্তি মার্ডি গোল করে দলকে এগিয়ে দেন। তবে বৃষ্টির কারণে মাঠ ভিজে যাওয়ায় খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় বাধা সৃষ্টি হয়। বল মাটিতে থেমে যাচ্ছিল, দৌড়েও হচ্ছিল সমস্যা। এর মধ্যেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধ শুরুর আগে ম্যাচ কমিশনার মাঠ পরিদর্শন করে ম্যাচ চালু করতে ব্যর্থ হন। একপর্যায়ে, তিন ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ম্যাচটি স্থানান্তর করা হয় কিংস অ্যারেনার অনুশীলন মাঠে, যেখানে বাকি অংশ সম্পন্ন হয়।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ভুটানের সানগে ওয়াগমো গোল করে ম্যাচে সমতা আনেন। তবে বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়ায়। ৫৭ মিনিটে শান্তি মার্ডি আবারও গোল করে লিড এনে দেন। এরপর ৭৬ মিনিটে মুনকি আক্তার ব্যবধান বাড়ান। ৭৯ মিনিটে শান্তি তার হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এই জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে অবস্থান করছে। শান্তির হ্যাটট্রিক যেমন দারুণ প্রাপ্তি, তেমনি দুই ভেন্যুতে খেলার অভিজ্ঞতাও হয়ে থাকবে অনন্য এক স্মৃতি।



