দৈনন্দিন কাজ পরিচালনার প্রধান শক্তিকেন্দ্র হলো আমাদের মস্তিষ্ক। স্মৃতি, মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ—সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে এর সুস্থতা। তাই মস্তিষ্ক ভালো রাখতে সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। কিন্তু অজান্তেই আমরা অনেক সময় এমন কিছু খাবার নিয়মিত গ্রহণ করি, যা ধীরে ধীরে মস্তিষ্কের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে।
বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার দীর্ঘদিন ধরে নিয়মিত খেলে ব্রেইনের কর্মক্ষমতা কমে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টুনা মাছ, সয়া বড়ি, সয়াসস, টফু, অ্যালকোহল, সাদা চাল, সাদা আটা এবং কমলার জুসের মতো খাবার অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত টুনা মাছ খেলে এতে থাকা ভারী ধাতু (যেমন পারদ) মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। সয়া জাতীয় খাবারে লবণ ও সোডিয়ামের পরিমাণ বেশি থাকায় নিয়মিত সেবনে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, যা মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে অ্যালকোহল সরাসরি মস্তিষ্কের কোষ দুর্বল করে দেয় এবং স্মৃতি ও মনোযোগে বিরূপ প্রভাব ফেলে।
এ ছাড়া সাদা চাল ও সাদা আটা অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেটের উৎস। এসব খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে মানসিক ক্লান্তি ও অবসাদের অনুভূতি তৈরি করতে পারে। একইভাবে কমলার জুসে প্রাকৃতিক হলেও চিনি বেশি থাকায় রক্তে সুগারের মাত্রা হঠাৎ বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দিতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, ডিপ ফ্রায়েড ও অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব খাবার শরীরের ওজন বাড়ানোর পাশাপাশি ব্রেইনের স্বাভাবিক কার্যকারিতাও ব্যাহত করে। তাই সুস্থ মস্তিষ্কের জন্য পরিমিত ও সচেতন খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।



