মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত—বিশেষ করে দুবাই ও আবুধাবি—পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। তবে ভ্রমণে গিয়ে কেউ যদি অসতর্কভাবে ছবি তোলেন, তাহলে পড়তে হতে পারে কোটি টাকার জরিমানার মুখে।
এখানে ছবি তোলার ক্ষেত্রে রয়েছে কড়া নিয়ম। সব ছবি নয়, যদি কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তিনি ক্যামেরার ফ্রেমে চলে আসেন, সেটিই হয়ে যেতে পারে আইন লঙ্ঘন। সংযুক্ত আরব আমিরাতে একে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হয় এবং এর জন্য কারাদণ্ড ও মোটা অঙ্কের জরিমানাও হতে পারে।
শুধু মানুষ নয়, দেশটির কিছু সংবেদনশীল স্থাপনায় ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন—বিমানবন্দর, সামরিক ঘাঁটি, সরকারি ভবন, ধর্মীয় স্থান ও নিরাপত্তা সংক্রান্ত এলাকা। এমনকি যদি কেউ কোনো স্থানে দাঁড়িয়ে আকাশে উড়ন্ত পাখি বা বিমানের ছবি তোলেন, তাও সন্দেহজনক কার্যকলাপ হিসেবে বিবেচিত হতে পারে।
সমুদ্রসৈকতেও রয়েছে কঠোর নিয়ম। ছবি তুলতে গেলে খেয়াল রাখতে হবে, যেন অন্য কোনো নারী বা ব্যক্তির চেহারা অনিচ্ছাকৃতভাবে ফ্রেমে না আসে।
এই কারণেই দেশটির সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পর্যটকদের উদ্দেশ্যে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। তারা বলছে—নিজের ছবি তুললেও চারপাশ খেয়াল করে তোলার অভ্যাস গড়ে তুলুন। কারণ সেখানে আইন ভাঙলে সেটা “দুর্ভাগ্য” নয়, বরং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হয়।
তাই সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে গেলে ছবি তুলতে আগে ভাবুন, পরে ক্লিক করুন। সচেতন থাকলে হয়তো শুধু জরিমানাই নয়, একটি অপ্রত্যাশিত আইনি ঝামেলাও এড়িয়ে চলা সম্ভব।



