সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) প্রথম দিনেই সাতটি ভারতীয় ট্রাকে মোট ২০৩ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। প্রতিটি ট্রাকে গড়ে ২৯ টন করে পেঁয়াজ ছিল, যা দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ শুরু হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসার খবরে ইতিমধ্যেই কেজিপ্রতি ৭ থেকে ১০ টাকা কমেছে। তবে সাতক্ষীরা বড়বাজারের পাইকারি ব্যবসায়ী ইন্দ্র পাল বলেন, পর্যাপ্ত পেঁয়াজ আসা পর্যন্ত দাম কতটা কমবে তা স্পষ্ট নয়। বর্তমানে দেশীয় পেঁয়াজ কেজিপ্রতি ৭৫ থেকে ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ধারণা, পর্যাপ্ত ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম কমে ৫৫ থেকে ৬০ টাকায় নেমে আসতে পারে।
এদিকে দীর্ঘদিন কর্মহীন থাকার পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খুশি হয়েছেন বন্দরের শ্রমিকরা। তাদের মতে, আবারও ভোমরা বন্দর কর্মচাঞ্চল্যে ফিরেছে। তবে সাধারণ ক্রেতারা অভিযোগ করছেন, খুচরা বাজারে এখনো উল্লেখযোগ্য দামে কোনো পরিবর্তন হয়নি। স্থানীয় ক্রেতা হোসেন আলী জানান, কয়েক দিন আগে যেভাবে ৬৮ টাকায় পেঁয়াজ কিনেছেন, আজও একই দামে কিনতে হয়েছে।
ভোমরা বন্দরের এলসি স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “রোববার ২০৩ টন পেঁয়াজ দেশে এসেছে। দ্রুত শুল্কায়ন শেষে খালাস প্রদান করা হয়েছে। ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করলে কাস্টমস সর্বোচ্চ সহযোগিতা করবে।”
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, দীর্ঘ সাত মাস পর সরকার আমদানির অনুমতি দিয়েছে। কয়েক দিনের মধ্যেই বাজারে এর প্রভাব পড়বে। তবে সীমিত পরিসরে অনুমতি দেওয়ায় এখনই ব্যাপক সরবরাহ সম্ভব নয়।



